কাল করবেন এতিম ও আলেম-ওলামাদের সাথে

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দাতাসংস্থার প্রতিনিধির সম্মানে আজ শুক্রবার ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া আগামীকাল শনিবার এতিম ও আলেম-ওলামাদের সাথে ইফতার করবেন তিনি। দু’টি ইফতারই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। গতকাল প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। নিজ দল বিএনপিকেও বড় ধরনের ইফতার আয়োজন থেকে বিরত থাকতে বলেছেন। এ বছর কূটনীতিক এবং এতিম-আলেম-ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত দু’টি ইফতার মাহফিলেই থাকবেন তিনি।

রুমন বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দু’টি ইফতার মাহফিল যথাক্রমে ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম-আলেম-ওলামাদের সম্মানে দুইটি ইফতারের আয়োজন করছেন প্রধানমন্ত্রী। এই দুইটি ইফতার হবে যমুনায়। এ ছাড়া রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানের ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় প্রধানমন্ত্রীর ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক অবস্থা বিবেচনা করে এ বছর বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে সরকারপ্রধানের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিপেশার সম্মানের ইফতার মাহফিলের আয়োজন থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান নিজের বাসায় পরিবারের সাথেই ইফতার করছেন। রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান হচ্ছে না। মূলত দেশের সার্বিক অর্থনীতিক অবস্থা বিবেচনা করে তিনি বড় ধরনের ইফতার আয়োজন থেকে বিরত থাকছেন।