মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধানের উপস্থিতি
Printed Edition
ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে গতকাল বুধবার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো: হাসান-উজ-জামান।
নৌবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও সশস্ত্রবাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস একটি স্বনামধন্য আন্তঃবাহিনী সেবাদানকারী প্রতিষ্ঠান, যা অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে অর্পিত কাজ সম্পাদন করে আসছে।
তিনি আরো বলেন, এমইএসের মূলমন্ত্র ‘সেবাই ব্রত’- এই আদর্শকে ধারণ করে বর্তমান প্রযুক্তিগত অগ্রগতির সাথে তালমিলিয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নির্মাণনীতির আলোকে কাজ করা জরুরি। দক্ষ মানবসম্পদ, টেকসই নকশা ও সঠিক পরিকল্পনার সমন্বয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে এমইএস ভবিষ্যতেও তার সুনাম ধরে রাখবে বলে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় অগ্রযাত্রায় এমইএসের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন এবং সম্মেলনে অংশগ্রহণকারী সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি এমইএস কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয়ের ওপর আলোচনা করেন। পরবর্তীতে তিনি সম্মেলন উপলক্ষে আয়োজিত নির্মাণ সামগ্রীর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
সম্মেলনের তৃতীয় দিনে এমইএসের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে দেশের স্বনামধন্য পাঁচটি উৎপাদন প্রতিষ্ঠানের কারখানা সরেজমিন পরিদর্শন করা হবে। উৎপাদিত পণ্যের গুণগতমান, উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত কাঠামো পর্যালোচনার মাধ্যমে কর্মকর্তারা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন করবেন, যা সশস্ত্রবাহিনীর চলমান ও ভবিষ্যৎ নির্মাণ প্রকল্পের মানোন্নয়নে সহায়তা করবে।
এ ছাড়া বার্ষিক সম্মেলনে প্রশাসনিক, কারিগরি, আর্থিক, কল্যাণমূলক এবং প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ত পরিদফতরের পরিচালক, তিন বাহিনীর সদর দফতরের কর্মকর্তা, পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলীসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর এমইএসের সবপর্যায়ের কর্মকর্তা। পাশাপাশি ভিটিসির মাধ্যমে সংযুক্ত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা। আইএসপিআর।