শহীদ ৬ শান্তিরক্ষীর লাশ ঢাকায় সামরিক মর্যাদায় আজ দাফন

Printed Edition
artho 6
শহীদ ৬ শান্তিরক্ষীর লাশ ঢাকায় সামরিক মর্যাদায় আজ দাফন

নিজস্ব প্রতিবেদক

সুদানে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর লাশ দেশে আনা হয়েছে। গতকাল শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই শান্তিরক্ষীদের লাশ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। আজ রোববার নিজ নিজ এলাকায় সামরিক মর্যাদায় তাদের দাফন করা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম গতকাল বিমানবন্দরে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসঙ্ঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েনরত জাতিসঙ্ঘ মিশন ইউনিসফার ফোর্স কমান্ডারের প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজো অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), সেনা সদরের ওভারসিজ অপারেশন পরিদফতরের পরিচালক ও ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। বিমানবন্দরে শান্তিরক্ষীদের লাশ গ্রহণকালে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক ব্যক্তিরা শাহাদাত বরণকারীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট দেন।

আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় ওই ছয়জন শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। আজ রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে হেলিকপ্টারে তাদের নিজ নিজ গ্রামের ঠিকানায় পাঠানো হবে। পরে যথাযথ সামরিক মর্যাদায় দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আইএসপিআর আরো জানিয়েছে, ওই ড্রোন হামলায় বাংলাদেশের আরো ৯ জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে আটজন কেনিয়ার রাজধানী নাইরোবিতে ‘আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে’ (লেভেল-৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।