সালাহ ম্যাজিকে সেমিতে মিসর
Printed Edition
ক্রীড়া ডেস্ক
রেকর্ড অষ্টম আফকন শিরোপার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল ফারাওখ্যাত মিসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিসর। ম্যাচে একটি গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। অপর কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিরোপাপ্রত্যাশী নাইজেরিয়া। ম্যাচে এক গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন ভিক্টর ওসিমহেন।
গতপরশু আগাদিরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলে মিসর। দ্রুত ইতিবাচক ফলও আসে তাতে। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় তারা। মিডফিল্ডে ফ্রাঙ্ক কেসির বাজে টাচের সুযোগ কাজে লাগিয়ে এমাম আশুরের পাস থেকে গোল করেন ওমর মারমুশ। ৩২ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রামি রাবিয়া।
তবে বিরতির ৫ মিনিট আগে এক গোল শোধ দিয়ে খেলায় ফেরে আইভরি কোস্ট। ইয়ান দিয়োমান্দের ফ্রি-কিক থেকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে আত্মঘাতীভাবে বল জালে জড়ান আহমেদ আবু এল ফতুহ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আইভরি কোস্ট শিরিরে আঘাত হানেন মোহাম্মদ সালাহ। ৫২ মিনিটে রাবিয়ার লং বল থেকে আশুরের পাসে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোলটি করেন লিভারপুল তারকা।
৭৩ মিনিটে গোলমুখের জটলায় গোল করে আইভরি কোস্টকে ফের ম্যাচে ফেরান গেলা দোয়ে। উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। এরপর প্রবল চাপ সৃষ্টি করলেও সমতা ফেরাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মিসর। এই জয়ে সেমিফাইনালে ২০২১ চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হবে সালাহরা।
অন্য দিকে মারাকেশের গ্র্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সুপার ঈগলসখ্যাত নাইজেরিয়া। ৪৭তম মিনিটে ব্রুনো ওনিয়েমায়েচির ক্রস থেকে হেডে গোল করেন ওসিমহেন। আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদানের ভুলে সহজেই এগিয়ে যায় নাইজেরিয়া। ১০ মিনিট পর ওসিমহেনের পাসে গোল করে ব্যবধান বাড়ান আকর অ্যাডামস।
ম্যাচজুড়ে দারুণ আধিপত্য দেখায় নাইজেরিয়া। বল পজিশনিং, পাসিং ও নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দেয় তারা। প্রথমার্ধেই একাধিক সুযোগ তৈরি করে তারা। তবে গোলের পেতে ব্যর্থ হয়।
এই জয়ে সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে নাইজেরিয়া। ২০১৩ সালের পর প্রথমবার আফকন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।