বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী বোগাদাদিয়া-১৩ নামে একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষে জান্নাতি নামের একটি বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডে থাকা সুকানিসহ পাঁচজন সাঁতরে নিরাপদে উঠতে সক্ষম হন। পাগলা নৌফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চটিকে আটক করে।
গতকাল রোববার সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নদীতে ডুবে যাওয়া জান্নাতি বাল্কহেডের মালিক আলি আহেম্মদ জানান, চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকায় আসার পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামে যাত্রীবাহী লঞ্চ বাল্কহেড বরাবর আসতে দেখে তারা গতি পরিবর্তন করতে চাইলেও ব্যর্থ হন। এ সময় লঞ্চের সাথে বাল্কহেডটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেডের ভিতরে থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
পাগলা নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হুসেন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লঞ্চটাকে আটক করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাল্কহেড ডুবি ঘটনায় কোনো হতাহত নেই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।