পাকিস্তানকে আত্মসমর্পণের আহ্বান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেকশ ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানান। রাত ১০টায় আকাশবাণী থেকে হিন্দি, উর্দু ও পশতু ভাষায় তার এ ভাষণ প্রচার করা হয়। ৮ ডিসেম্বর সকালেও আকাশবাণী এটি প্রচার করে। বিভিন্ন ভাষায় এ দিন লিফলেট আকারে এটি ছড়িয়ে দেয়া হয়। আত্মসমর্পণের আহ্বান জানিয়ে জেনারেল মানেকশ বলেন, তোমাদের যুদ্ধ করার ক্ষমতা ও যুদ্ধাস্ত্রের শক্তি অকেজো হয়ে গেছে। এমনকি বাইরে থেকে বিমানের সাহায্য আসার সম্ভাবনাও নেই। তাই তোমরা অস্ত্র ত্যাগ করো। তোমাদের বাঁচার কোনো পথ নেই। একমাত্র পথ হচ্ছে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করা।
এদিকে বিভিন্ন রণাঙ্গনে সম্মিলিত বাহিনীর অগ্রাভিযান অব্যাহত থাকে। হিলি, সুনামগঞ্জ, ছাতক, জয়ন্তিয়াপুর, লালমনিরহাট, দুর্গাপুর, হালুয়াঘাট ও আখাউড়ায় তীব্র সংঘর্ষ চলে। ঢাকায় মিত্রবাহিনী ১০বার বিমান হামলা চালায় আজকের এই দিনে। হামলার লক্ষ্যস্থল ছিল সামরিক স্থাপনাগুলো। জেনারেল জগজিৎ সিং অরোরাকে বলা হয় দ্রুত ঢাকার দিকে এগিয়ে যেতে। একটি ব্রিগেডকে হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে নিয়ে আসা হয়।
পূর্ব সীমান্ত থেকে সব ক’টি ডিভিশন ঢাকার দিকে এগিয়ে যায়। ব্রাক্ষণবাড়িয়া দখল করে একটি দল এগিয়ে যায় আশুগঞ্জের দিকে। অন্য দিকে পাকিস্তান বাহিনী পিরোজপুর ছেড়ে চলে যায়। এ দিন শত্রুমুক্ত হয় চাঁদপুর, কুমিল্লা। পাকিস্তান বাহিনী আশ্রয় নেয় কুমিল্লা ক্যান্টনমেন্টে। মানচিত্রখচিত বাংলাদেশের পতাকা উড়তে শুরু করে কুমিল্লায়। কুমিল্লা ক্যান্টনমেন্টে মিত্রবাহিনী বিমান হামলা চালায়।
১৯৭১ সালের আজকের এই দিনে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি প্রস্তাবের লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো রাওয়াল পিন্ডি থেকে নিউ ইয়র্কে যাত্রা করেন।