পূর্বাচলে ফের ১২ ঘোড়া জবাই জীবিত ২৫ ঘোড়া উদ্ধার

Printed Edition
bangla-3
পূর্বাচলে জবাই করে রাখা হয়েছে ঘোড়া : নয়া দিগন্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে আবারো ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের একটি প্লটসহ আশপাশের এলাকা থেকে ১২টি জবাই করা ঘোড়া, বিপুল পরিমাণ হাড় এবং ২৫টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর গোশতের উচ্চমূল্যের সুযোগ নিয়ে একটি চক্র কম দামে ঘোড়া কিনে জবাই করে আসছিল। ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরের গরুর গোশতের ভিড়ে মাত্র ২৫০-৩০০ টাকা দরে ঘোড়ার গোশত মিশিয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করা হতো। গতকাল শুক্রবার ভোরে চক্রটি মোট ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে পূর্বাচলে নিয়ে আসে।

পুলিশ জানায়, খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। অভিযানে ১২টি ঘোড়ার দেহাবশেষ ও হাড় উদ্ধার করা হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ২৫টি ঘোড়ার মধ্যে একটি মাদী ঘোড়া সেখানেই বাচ্চা প্রসব করেছে। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র ঘোড়াগুলো জবাইয়ের জন্য এখানে এনেছিল। আমরা ১২টি জবাই করা ঘোড়া ও আগের হাড় উদ্ধার করেছি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১ জুলাই একই এলাকায় পাঁচটি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের জঘন্য প্রতারণা ও প্রাণী নিষ্ঠুরতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।