শ্রীলঙ্কায় ডেঙ্গু মোকাবেলায় সৈন্য মোতায়েন

Printed Edition

এএফপি

দেশজুড়ে প্রাণঘাতী ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। যে কারণে ডেঙ্গু মোকাবেলায় দেশে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে গঠিত একটি বিশেষ ইউনিটে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর কর্মকর্তারা অংশ নেবেন।

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্তদের শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব, বমি, পেশিতে ব্যথা এবং সবচেয়ে গুরুতর ক্ষেত্রে রক্তপাতের ঘটনাও ঘটে। এই রোগে আক্রান্তদের অনেকেই সঠিক চিকিৎসার অভাবে মারা যান।

শ্রীলঙ্কায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এতে প্রাণ গেছে অন্তত ২৯ জনের। দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানির ২০১৭ সালের সর্বোচ্চ রেকর্ডের তুলনায় চলতি বছরের ওই পরিসংখ্যান অনেক কম। ওই বছর দেশটিতে এক লাখ ৮৬ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪৪০ জনের প্রাণহানি ঘটেছিল।

ডেঙ্গু ছড়ানো কালো এবং সাদা ডোরাকাটা পায়ের এডিস মশা জমে থাকা স্থির পানিতে বংশবৃদ্ধি করে। বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ সামরিক ইউনিট গঠনের পাশাপাশি যাদের আঙিনায় মশার বংশবৃদ্ধির সুযোগ তৈরি হবে; তাদের বিরুদ্ধেও আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করার জন্য আজ বুধবার দেশব্যাপী অভিযান শুরু করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু এবং মশাবাহিত অন্যান্য ভাইরাস আরো দ্রুত এবং বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ছে।