লংগদু সড়কের কাজ শুরুর আশ্বাস এমপি দীপনের
Printed Edition
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটির লংগদু উপজেলার দীর্ঘদিনের জনদাবি নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূরীকরণ এবং বিদ্যুৎবিহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
গতকাল বুধবার লংগদু উপজেলা সফরকালে বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন এবং উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।