সুদানে হতাহত বাংলাদেশী শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

Printed Edition
artho-2
সুদানে হতাহত বাংলাদেশী শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

নয়া দিগন্ত ডেস্ক

সুদানের আবেই এলাকায় জাতিসঙ্ঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নাম-পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

রোববার দুপুরে আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসঙ্ঘ শান্তি রক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে শনিবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এ হামলায় দায়িত্বরত ছয়জন বাংলাদেশী শান্তিরক্ষী শহীদ হন। আর আটজন শান্তিরক্ষী আহত হন।

শহীদ শান্তিরক্ষীরা হলেন : করপোরাল মো: মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো: মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মো: সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত শান্তিরক্ষীরা হলেন : লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া); সার্জেন্ট মো: মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর); করপোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা); ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা); সৈনিক মো: মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম); সৈনিক মোসা: উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার (রংপুর); সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ) ও সৈনিক মো: মানাজির আহসান, বীর (নোয়াখালী)।

আইএসপিআরের পোস্টে বলা হয়, আহত আট শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।