ফাইনালে সাবালেঙ্কা ও রাইবাকিনা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনে আবারো নিজের আধিপত্য প্রমাণ করলেন আরিনা সাবালেঙ্কা। নারী এককের সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভেতোলিনাকে সরাসরি ৬-২, ৬-৩ সেটে হারিয়ে টানা চতুর্থবারের মতো মেলবোর্ন পার্কের ফাইনালে উঠেছেন বর্তমান বিশ্ব র্যাংকিংয়ে নম্বর ওয়ান এই নারী তারকা।
ম্যাচজুড়ে ওঠানামা থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মাথা ঠাণ্ডা রেখে জয় নিশ্চিত করেন সাবালেঙ্কা। প্রথম সেটের চতুর্থ গেমে তার বিপক্ষে ‘হিন্ড্রান্স’ কল দেয়া হয়, যা নিয়ে তিনি স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করেন। আম্পায়ার লুইস আজেমার এঙ্গজেল অভিযোগ করেন, শট নেয়ার সময় সাবালেঙ্কার অস্বাভাবিক গ্রান্টিং প্রতিপক্ষের খেলায় ব্যাঘাত ঘটিয়েছে। পয়েন্টটি দেয়া হয় সভেতোলিনাকে।
এ ঘটনায় কিছুটা বিরক্ত হলেও দ্রুত নিজেকে সামলে নেন সাবালেঙ্কা। পরের গেমেই প্রতিপক্ষের সার্ভ ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি। তৃতীয় সার্ভে বাজে শুরুর কারণে একবার ব্রেক খাওয়ার পর আবারো নিজের চেনা আগ্রাসী রূপে ফেরেন বেলারুশ তারকা। শক্তিশালী ফোরহ্যান্ড ও নিখুঁত সার্ভে সভেতোলিনাকে চাপে রেখে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন সাবালেঙ্কা।
ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। তবে কাজ এখনো শেষ হয়নি। প্রতিপক্ষ হিসেবে সভেতোলিনা খুবই ভয়ঙ্কর ও পুরো সপ্তাহ ধরে ভালো টেনিস খেলছে।’
এই জয়ে ২০০২ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠার কীর্তি গড়লেন সাবালেঙ্কা। আগে এ রেকর্ডটি ছিল মার্টিনা হিঙ্গিসের। ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম ও তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা থেকে বেলারুশ তারকা মাত্র এক জয় দূরে। ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কাজাখস্তানের এলিনা রাইবাকিনা।
অপর সেমিতে রাইবাকিনা ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯-৭) ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। ২০২২ উইম্বলডন চ্যাম্পিয়ন রাইবাকিনা ম্যাচটি জিততে এক ঘণ্টা ৪০ মিনিট সময় নেন।
এ জয়ে ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে আরিনা সাবালেঙ্কার বিপক্ষে হওয়া ম্যাচের পুনরাবৃত্তির মঞ্চ তৈরি হলো। এখন পর্যন্ত ১৪বার মুখোমুখি লড়াইয়ে সাবালেঙ্কা ৮-৬ ব্যবধানে এগিয়ে আছেন। গত বছর দু’জনের চারবারের দেখায় সমান দু’বার করে জয় পেয়েছেন। তবে সর্বশেষ সাক্ষাতে মৌসুমের শেষ ডব্লিউটিএ ফাইনালে রাইবাকিনাই জয়ী হয়েছিলেন। ফাইনালে সেই ম্যাচের জয় তাকে বাড়তি আত্মবিশ্বাসী করবে। ফাইনালে আগামীকাল তাই মেলবোর্ন পার্কে অপেক্ষা করছে আরেকটি হাইভোল্টেজ লড়াই।