বিসিএলে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তৌহিদ হৃদয়। ফাইনাল মঞ্চেও গতকাল সেই চেনা রূপেই দেখা মিলল তাকে। তবে ৪ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। সেন্ট্রাল জোনের বিপক্ষে তার ব্যাটে চড়ে বিসিএল ওয়ানডের ফাইনালের ৪৯.৩ ওভারে অলআউট হয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে বিসিবি নর্থ জোন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামলে দলীয় ২২ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। তামিমও ২৩ রানে ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫২ রানের জুটি গড়েন হৃদয়ের সাথে। ৩৫ রানে আউট হন শান্ত। তবে এক প্রান্ত আগলে রেখে ৯৮ বলে ৯৬ রান করেন হৃদয়। শেষদিকে রিশাদ হোসেনের ১৬ রানে ২৩৮ করে নর্থ জোন।
২৩৯ রানকে তাড়া করতে নেমে দলীয় ২৪ রানেই উইকেট হারায় সেন্ট্রাল জোন। তবে নাঈম শেখ ও সাইফ হাসানের দৃঢ়তায় আর পেছনে তাকাতে হয়নি তাদের। দু’জনের ১৬৪ রানের জুটির পর ব্যক্তিগত ৭৮ রানে বিদায় নেন নাঈম। দলীয় স্কোরে তিন যোগ হতেই বিদায় নেন সাইফও। ৮৫ রান আসে সাইফের ব্যাটে। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন সেন্ট্রাল জোন।