বাকৃবিতে ছাত্রশিবির ও ছাত্রদলের পৃথক গণ ইফতার
Printed Edition
বাকৃবি সংবাদদাতা
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পৃথকভাবে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে আয়োজিত এই দুই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য কেআর মার্কেট এলাকায় ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক গণ ইফতারের আয়োজন করে ছাত্রশিবির। আয়োজকদের দাবি, এতে এক হাজারের অধিক নারী শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা ও সাধারণ সম্পাদক আব্দুল আল মঈনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, রমজানের শাশ্বত সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতেই এই নিয়মিত আয়োজন। তিনি জানান, এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রায় দুই হাজার ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বড় পরিসরে ইফতার অনুষ্ঠিত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের জন্য এই পৃথক আয়োজন করা হয়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রদল। আয়োজকদের তথ্য মতে, বিভিন্ন হলের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে শরিক হন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মো: শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও ক্যাম্পাসে একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিবেশ বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর। জনমানুষের অধিকার আদায়ে তাদের চলমান আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।