পরিবেশ আদালতের বিচারকদের জন্য প্রশিক্ষণ আয়োজন টিআইবির
Printed Edition
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এবং আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলার বিচারক ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ-সংক্রান্ত মামলা, বিচার এবং আইনের শাসন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাংলাদেশে জলবায়ু-সম্পর্কিত বিরোধ-নিষ্পত্তির ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সাংবিধানিক ও আন্তর্জাতিক পরিবেশ আইন, ন্যায়বিচার এবং প্রয়োগযোগ্য কার্যকরী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার টিআইবির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত ও যুগ্ম জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ ২৫ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিচারকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় পর্যায়ে গবেষণা ও ইউনেপসহ আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী যেসব দেশে পরিবেশ আইনের যথাযথ প্রয়োগে ঘাটতি সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এক্ষেত্রে বৈশি^ক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে, পরিবেশ আদালতের সম্মানিত বিচারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবলের দক্ষতার অধিকতর বিকাশের গুরুত্ব অনুধাবন করে, টিআইবি এ উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও টিআইবি সক্ষমতা অনুযায়ী এ প্রক্রিয়া অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে। টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। প্রশিক্ষণে দিনব্যাপী বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়েরি বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক ও পরিবেশ আইনের অধ্যাপক ড. শওকত আলম এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক। এ সময় আইনের শাসন, সুশাসন ও আন্তর্জাতিক পরিবেশগত মূলনীতি; বৈশি^ক ও দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আইনের ব্যবহারবিধি এবং বাংলাদেশের আইনি কাঠামোতে পরিবেশ ও জলবায়ু-সংক্রান্ত বিচারিক প্রতিকার ও প্রতিফলন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। প্রশিক্ষণে দলগত অনুশীলন এবং আলোচনার মাধ্যমে আইনের নানা দিক, বৈশ্বিক চর্চা ও পরিবেশগত ন্যায়বিচারের প্রতি দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনার মধ্য দিয়ে জলবায়ু অভিযোজন ও পুনর্বাসন কার্যক্রম মূল্যায়ন করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন টিআইবির নির্বাহী পরিচালক, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা এবং প্রশিক্ষকরা। এ সময় প্রশিক্ষণ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে, টিআইবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারী বিচারক ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।