জুলাই থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে ফের উড়বে বিমান

Printed Edition

সিলেট ব্যুরো

স্থগিত ঘোষণার চার মাস পর আগামী ১ জুলাই থেকে আবার সিলেট-ম্যানচেস্টার রুটে উড়বে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ বাংলাদেশ এয়ারলাইন্স।

গত বুধবার (১১ মার্চ) বিমানের এ ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন নর্থ ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী সিলেটিরা। গত ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইটটি ‘স্থগিত’ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান তখন জানায়, সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। তবে ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে গত জানুয়ারিতে। ঘোষণার পর যুক্তরাজ্যে বিক্ষোভ দেখান প্রবাসীরা। বিষয়টি নিয়ে আলোচনা হয় ব্রিটিশ পার্লামেন্টেও।

গত ১৫ জানুয়ারি হাউজ অব কমন্সে ব্রিটিশ এমপি পল ওয়া বলেন, তার সংসদীয় এলাকা রচডেলে, পুরো উত্তর-পশ্চিমাঞ্চল এবং স্কটল্যান্ড ও মিডল্যান্ডসের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ম্যানচেস্টার থেকে সিলেটগামী বিমানের সরাসরি ফ্লাইটের ওপর নির্ভর করেন। কিন্তু হঠাৎ করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেই রুট স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এ ছাড়া গ্রেটার সিলেট ডেভেলপম্যান্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এবং ইউকে এনআরবি সোসাইটিসহ আরো কয়েকটি সংগঠন ফ্লাইটটি আবার চালু রাখতে সরকারের কাছে জোর দাবি জানান। সম্প্রতি সিলেট প্রেস ক্লাব ও সিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট বাতিল হয়নি, স্থগিত রয়েছে। এই রুটের ফ্লাইট আবার চালুরও আশ্বাস দেন মন্ত্রী। ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তিন দিন পরেই (৭ জানুয়ারি) বিমানের পক্ষ থেকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালানোর ঘোষণা আসে। লাভজনক ম্যানচেস্টার রুট বন্ধ করার ঘোষণার দুদিন পরেই ঝুঁকিপূর্ণ করাচি রুট চালু করার ঘোষণায় যাত্রী ও সাধারণের মধ্যে প্রতিক্রিয়া হয়। যদিও ম্যানচেস্টারের জন্য দূরপাল্লার সুপরিসর উড়োজাহাজ প্রয়োজন হয়, আর করাচিতে স্বল্পপাল্লার।

২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়।