এমএলএসের রেকর্ডবুকে সুলিভান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে লাল-সবুজদের চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমেরিকা প্রবাসী দুই ভাই রোনান ও ডেক্লান সুলিভান। এক দিকে দক্ষিণ এশিয়ায় শিরোপা জিতে আগেই দেশে ফিরে দলের সাথে উদযাপনে মাতোয়ারা দুই ভাই, অন্য দিকে তখন আটলান্টিকের ওপারে মেজর লিগ সকারে (এমএলএস) অনন্য রেকর্ড গড়েছেন তাদেরই ছোট ভাই কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলতে নেমে এমএলএস ইতিহাসের চতুর্থ কনিষ্ঠ ফুটবলার হিসেবে অ্যাসিস্ট করে রেকর্ড গড়লেন কাভান। শার্লট এফসির বিপক্ষে গত রোববার ম্যাচে ১৬ বছর ১৮৮ দিন বয়সে কীর্তি গড়েন এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
ম্যাচের শুরুতে একাদশে জায়গা না পেলেও ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কাভান। তখন তার দল ফিলাডেলফিয়া ১-০ গোলে পিছিয়ে ছিল। মাঠে নেমে প্রথম মিনিটেই দুর্দান্ত এক পাস বাড়ান কাভান, যা থেকে গোল করে দলকে সমতায় ফেরান দানলি জন জ্যাকস। এই অ্যাসিস্টের মাধ্যমেই এমএলএসের রেকর্ড বইয়ে নাম উঠে যায় তার। এমএলএসে রেকর্ড গড়লেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেছে কাভানের দল। এমএলএস ইতিহাসে কাভানের চেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড আছে মাত্র তিনজনের। তারা হলেন- ফ্রেডি আডু (১৪ বছর ৩৫৫ দিন), ইয়ানলুকা বুসিও (১৬ বছর ৬৮ দিন) এবং হুলিয়ান হল (১৬ বছর ১৮১ দিন)।