সাংবাদিক শেখ বেলালের শাহাদতবার্ষিকীতে খুলনা প্রেস ক্লাবে স্মরণসভা-দোয়া

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা অফিস প্রধান শেখ বেলাল উদ্দিনের শাহাদতবার্ষিকী গতকাল বুধবার খুলনায় পালিত হয়। এ উপলক্ষে ক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।

স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। বক্তারা তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা এবং নগরীর বৈকালী মোড় থেকে রায়ের মহল কলেজ পর্যন্ত সড়কটি ‘শহীদ সাংবাদিক বেলাল উদ্দিন সড়ক’ নামকরণের দাবি জানান। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী সরকারের কাছে বেলাল উদ্দিনের হত্যা মামলার পুনঃতদন্ত করে অপরাধীদের শাস্তি দেয়ার জোর দাবি করেন।

সভায় বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো: রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ক্লাব সদস্য মো: এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, এস এস আতিয়ার রহমান, মো: জাহিদুল ইসলাম, মো: হেদায়েৎ হোসেন মোল্লা, কে এম জিয়াউস সাদাত, খলিলুর রহমান সুমন, মাহবুবুর রহমান মুন্না ও মুহাম্মদ নূরুজ্জামান।

এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এম ইউ জে খুলনার সদস্যরা গতকাল সকালে মরহুমের কবরে দোয়া করেন এবং বেলাল উদ্দীনের মা মন্নুজান বেগমসহ পরিবারের সাথে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেস ক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ ফেব্রুয়ারি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।