সিলেটে আসামি ধরতে গিয়ে ছুরিকাহত সিআইডি কর্মকর্তা

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট নগরীতে সোমবার মধ্যরাতে সাইবার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রহিম উদ্দিন রাজুকে (৩৩) গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সিআইডির উপপরিদর্শক মো: খোরশেদ আলম ওই সময় আহত হন। রাজু পালানোর চেষ্টা করে এবং ধারালো ছুরি দিয়ে খোরশেদ আলমকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ভোররাতে এয়ারপোর্ট থানার মজুমদারি এলাকার একটি মেস থেকে রাজুকে আটক করে।