জোকোভিচের জয়
Printed Edition
ক্রীড়া ডেস্ক
উইম্বলডন প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে ছিলেন তিন তারকা পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন জেনিক সিনার, নারী বিভাগের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা এবং রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সন্ধানে নামা নোভাক জোকোভিচ। তিনজনই জয় দিয়ে শুরু করেছেন অল ইংল্যান্ড ক্লাবে নিজেদের অভিযান।
পুরুষ এককে ইতালির বিশ্ব এক নম্বর জেনিক সিনারকে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে ফেলে দেন সার্বিয়ার মিওমির কেচমানোভিচ। ফরাসি ওপেনে হতাশাজনক বিদায়ের পর এটিই ছিল সিনারের প্রথম ম্যাচ। প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াই শেষে তিনি ৪-৬, ৬-৩, ৬-৭(৬), ৬-২, ৬-৩ ব্যবধানে জয় তুলে নেন।
নারী এককে আরিনা সাবালেঙ্কার জয় ছিল তুলনামূলক সহজ। ফরাসি ওপেনে হতাশার পর উইম্বলডনে ফিরে সার্বিয়ার বাছাইপর্ব পেরিয়ে আসা তেওদোরা কস্তোভিচকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে তিনি।
এ দিকে প্রথম দিনেই কয়েকটি বড় অঘটনও দেখা গেছে। ১১ নম্বর বাছাই ক্যাসপার রুড বিদায় নিয়েছেন হুবার্ট হুরকাচের কাছে হেরে। আন্দ্রে রুবলেভও পাঁচ সেটের নাটকীয় ম্যাচে হেরে টুর্নামেন্ট ছাড়েন। নারী বিভাগে নাওমি ওসাকা পারফরম্যান্সের পাশাপাশি ‘কিল বিল’ অনুপ্রাণিত পোশাকের জন্যও আলোচনায় ছিলেন। অন্য দিকে গতকাল সন্ধ্যার আলোচিত ম্যাচে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে যাত্রা শুরু করেন নোভাক জোকোভিচ। চীনের উ ইবিংকে ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪ জয়ে দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ান কিংবদন্তি।
৩৯ বছর বয়সী জোকোভিচ বর্তমানে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সাথে যৌথভাবে শীর্ষে আছেন। ২০২৩ ইউএস ওপেনের পর আর কোনো মেজর জিততে না পারলেও উইম্বলডনে ইতিহাস গড়ার নতুন সুযোগ পেয়েছেন তিনি।