রিকশায় ওড়না পেঁচিয়ে আহত খুবি শিক্ষার্থীর মৃত্যু
Printed Edition
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী মারজান রহমান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার সকালে নিজ বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মো: মজিবুর রহমান জমাদ্দারের মেয়ে। পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর মায়ের সাথে চিকিৎসকের কাছে যাওয়ার পথে মারজান রহমান রিকশায় ওড়না পেঁচিয়ে পড়ে যান। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার কয়েকজন সহপাঠী তাকে উদ্ধার করে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন এবং ১২ নভেম্বর পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসা নেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়, যেখানে চার থেকে পাঁচ দিন চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে গত ২ ডিসেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু ঘটে।
মারজান রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. আবদুল্লাহ আবুসাইদ খান। তিনি মারজানের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এ ছাড়া তার মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের আবহ নেমে এসেছে।