স্কুলে ভর্তির লটারির ড্র অনুষ্ঠিত
বেসরকারিতে আসন ফাঁকা ৮ লাখ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম ধাপে ভর্তির সুযোগ পাচ্ছে তিন লাখের বেশি শিক্ষার্থী। তবে বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে এখনো আট লাখের বেশি আসন ফাঁকা রয়েছে। সূত্র জানায়, ডিজিটাল লটারিতে দেশের সব সরকারি এবং মেট্রোপলিটন ও জেলা-উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য লটারির এই ড্র অনুষ্ঠিত হয়। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে তিন লাখ পাঁচ হাজার ৪৯৯ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের ভর্তির লটারি প্রক্রিয়া শুরু হয়।
লটারিতে প্রথম ধাপে ৬৮৯টি সরকারি স্কুলে ভর্তির জন্য এক লাখ সাত হাজার ৫২১ জন ও তিন হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ভর্তির জন্য এক লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচিত হয়েছেন। লটারি প্রক্রিয়া শেষ হলে দুপুরে পৌনে ৩টায় অনুষ্ঠানস্থলে ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্যসচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যা ঘোষণা করেন। ডিজিটাল লটারির ভর্তির ফল নির্ধারিত ওয়েবসাইটে (যঃঃঢ়ং://মংধ.ঃবষবঃধষশ.পড়স.নফ) ওয়েবসাইট এবং যেকোনো টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে বলেও তুলে ধরেন এ কর্মকর্তা।
সরকারিতে আসন ফাঁকা ১৪ হাজার : সূত্র জানায়, ৬৮৯টি সরকারি স্কুলে এক লাখ ২১ হাজার ৫৯৬টি আসনে সাত লাখ ১৯ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, এক লাখ সাত হাজার ৫২১ জন শিক্ষার্থী লটারিতে নির্বাচনের পর এ স্কুলগুলোর ১৪ হাজার ৭৫টি আসন ফাঁকা থাকছে।
বেসরকারিতে আসন খালি ৮ লাখের বেশি : অপর দিকে মহানগর এবং জেলা ও উপজেলা সদরের তিন হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসনে ভর্তির আবেদন করেছিলেন তিন লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী, তাদের মধ্যে এক লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচনের পর আট লাখ ৪৩ হাজার ১৬০টি আসন খালি আছে।
ভর্তি শুরু ১৭ ডিসেম্বর : লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবেন বলে উল্লেখ করে ভর্তি কমিটির সদস্যসচিব ইউনুস ফারুকীর বলেন, এবারো ভর্তির ক্ষেত্রে গতবারের মতো দু’টি অপেক্ষমান তালিকা থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান, মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জাহিদ মো: ফিরোজ, টেলিটক ডিজিটাল সার্ভিসের ম্যানেজার জাহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।