নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, মিজানুর রহমান চৌধুরী ১৯৭৮ সালে নীলফামারী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, সরকার তার ওপর যে আস্থা রেখেছে, সে আস্থার মর্যাদা রাখতে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।