মধ্যপ্রাচ্যে সব হামলাই ইরানি নয় : সৌদি সাংবাদিক
Printed Edition
দ্য ক্রেডল
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হওয়া সব হামলাই ইরানি নয়। অনেক হামলা উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পাতা ‘ফাঁদ’ হতে পারে। এমনটিই সতর্ক করেছেন সৌদি আরবের সাংবাদিক আদওয়ান আল-আহমারি।
৩ মার্চ আশরাক নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আদওয়ান আল-আহমারি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর হওয়া ‘সব হামলাই’ যে ইরান থেকে আসে, এমন নয়। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে টেনে নামাতে একধরনের ‘ফাঁদ’ পাততে পারে নিজেদের হামলার মাধ্যমে।
আদওয়ান আল-আহমারি বর্তমানে ইনডিপেনডেন্ট আরাবিয়ার প্রধান সম্পাদক এবং সৌদি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করে, এ যুদ্ধ আসলে একটি মার্কিন-ইসরাইলি ফাঁদ। এর উদ্দেশ্য উপসাগরীয় দেশগুলোকে জড়িয়ে ফেলা এবং ইরানের সাথে তাদের মুখোমুখি সঙ্ঘাতে ঠেলে দেয়া।’ আদওয়ান আল-আহমারি আরো বলেন, ‘আমার মনে হয়, এ ধারণা প্রতিদিনই আরো জোরালো হয়ে উঠছে।’ এরপর তিনি একটি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, ‘যদি যুক্তরাষ্ট্র এক সপ্তাহ, ১০ দিন বা দুই সপ্তাহ পর ঘোষণা করে যে, এ যুদ্ধে তাদের সব লক্ষ্য পূরণ হয়েছে এবং যুদ্ধ শেষ, তারপর তারা সরে যায় তাহলে কী হবে? তখন তো উপসাগরীয় দেশগুলোকে ইরানের সাথে সরাসরি এক সঙ্ঘাতের মধ্যে রেখে যাবে।’
এ দিকে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঠিক কোন কোন ঘটনার পেছনে ইসরাইল রয়েছে, তা নির্দিষ্ট করে বলতে অস্বীকৃতি জানান। তবে তিনি দাবি করেন, উপসাগরীয় অবকাঠামোর ওপর হওয়া অন্তত কিছু ড্রোন হামলা ইরান চালায়নি। নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা এমইইকে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে পারি, কিছু হামলা আমরা (ইরান) করিনি।’ সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে।