গণভোটের রায় বিতর্কিত করার অপচেষ্টা ভালো হবে না : খেলাফত মজলিস
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গণভোটের জনরায়কে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা বা ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেছেন, আদালতের ঘাড়ে সওয়ার হয়ে গণভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে তার পরিণতি শুভ হবে না।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের অভিযোগ করেন, বাংলাদেশের নবগঠিত সরকার জুলাই সনদ ও গণভোট নিয়ে অপরাজনীতি শুরু করতে চায়। তিনি বলেন, “গণভোটের ফল বাতিলের রিটে সরকারের ইন্ধন রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে। গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠন বিল উত্থাপন করতে হবে। আমরা বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না।”
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিস মহাসচিব বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে সব আগ্রাসী শক্তির মোকাবেলা করা।
ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো: আবদুল জলিল প্রমুখ।