বসুন্ধরা কিংস ও আবাহনী জয়ী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
এক মাসেরও বেশি সময় বিরতি দিয়ে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের ফিরতি পর্ব। এই পর্বের প্রথম দিনেই জয়ের দেখা পেয়েছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। তবে ড্র করেছে বাংলাদেশ পুলিশ ও ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘ ও ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। জয়ের ফলে আপাতত লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বসুন্ধরা কিংস। আজ ফর্টিস এফসি যদি হারাতে পারে মোহামেডানকে তাহলে তারাও চলে আসবে একই কাতারে।
কিংস এরিনায় প্রথমার্ধের শুরুতেই গোল আদায় করে নেয় বসুন্ধরা কিংস। ম্যাচের ৮ মিনিট বয়সে মোহাম্মদ হৃদয়ের গোলে এগিয়ে যাওয়া। এরপর এই জয় নিশ্চিত করতে দলটির সময় লেগেছে ৯৪ মিনিট পর্যন্ত। ইনজুরি টাইমের এই চতুর্থ মিনিটে স্বস্তি এনে দেয়া গোলটি করেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। জয়ের ফলে ১০ খেলায় বসুন্ধরা নামের পাশে জমা করেছে ২১ পয়েন্ট। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিস।
কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পাত্তাই দেয়নি আবাহনী। নিজ হোম ভেনুতে আকাশি-নীল শিবিরের হালি গোলের উৎসব পুরান ঢাকার দলটির বিপক্ষে। ২১ মিনিটে পেনাল্টি থেকে মারুফুল হকের দলের এগিয়ে যাওয়া ব্রুনো অলিভিয়েরার গোলে। ২৯ মিনিটে স্কোর দ্বিগুণ করেন এমেকা অগবগ। ৫৩ মিনিটে ব্রুনো নিজের দ্বিতীয় গোল আদায় করেন। এরপর কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানী ৭৩ মিনিটে বল পাঠান রহমতগঞ্জের জালে। কামাল বাবুর দল একটি গোল পরিশোধ করতে পেরেছিল। আর তা হয়েছে ৯৪ মিনিটে সলোমন কিংয়ের কল্যানে। ১০ খেলা শেষে আবাহনীর পয়েন্ট ১৬। ১৫ পয়েন্ট রহমতগঞ্জের।
গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ৭৩ মিনিটে শায়েক দোস্তের গোলে ব্রাদার্স ইউনিয়ন এগিয়ে যায়। তবে গোপীবাগের দলটির এই আনন্দ বেশীক্ষণ স্থায়ী হয়নি। ৭৮ মিনিটে পাওলো সান্তোস খেলায় ফেরান পুলিশকে। ১০ খেলা শেষে পুলিশের পয়েন্ট ১৫। ব্রাদার্সের ১০।
মানিকগঞ্জে শহীদ তপন-মিরাজ স্টেডিয়ামে ৮০ ও ৮৫ মিনিটে দুই দলের দুই গোল। ৮০ মিনিটে আরামবাগের কিতিজো গোল করার পর ৮৪ মিনিটে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের লাসানা সমতা আনেন। ইয়ংম্যান্সের পয়েন্ট ১০। আরামবাগের ৬।