বিএনপির মেজর আক্তারুজ্জামানের জামায়াতে যোগদান
দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : ডা: শফিক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় আজ ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এ দু’টি দিন। জাতির ইতিহাসে দিবস দু’টি আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের চিরন্তন স্মারক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন- সেসব শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তায়ালার দরবারে তাদের সবার রূহের মাগফিরাত কামনা করছি।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা দেশমাতৃকার মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ করেছিলেন, সেসব বীর মুক্তিযোদ্ধার প্রতি আমরা গভীর সম্মান জানাচ্ছি। একই সাথে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সবার রূহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সব শহীদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জামায়াত আমির বলেন, দেশবাসী আজ এমন এক সময় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ও ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে, যখন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী সরকারের কবল থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের অপশাসন, জুলুম-নির্যাতন ও গুম-খুনের নিষ্ঠুর অভিশাপ থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে এবং শান্তি, স্বস্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা করছে। একই সাথে দেশ ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিপরীত পক্ষে ফ্যাসিবাদের দেশী-বিদেশী দোসররা এখনো থেমে নেই। তারা নানামুখী ষড়যন্ত্র ও কূটকৌশলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারই জ্বলন্ত প্রমাণ গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা। এই প্রেক্ষাপটে দেশবিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দেশের সার্বিক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
রিজভীর বক্তব্যের প্রতিবাদ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্তৃক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘তাকে কোড করে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ বোগাস, ভুয়া ও অসত্য।’ আমরা মনে করি, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের মনগড়া বক্তব্য দেয়া রাজনৈতিক শিষ্টাচারবিরোধী, দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল। তিনি বলেন, রিজভীর এ অসত্য ও অপরিণামদর্শী বক্তব্য প্রমাণ করে, তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে দ্বিধা করছেন না। এ ধরনের আচরণ গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি আরো বলেন, আমি অবিলম্বে রুহুল কবির রিজভীকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সাথে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।
জামায়াত নেতাদের সাথে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ : শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট দামবাজাভ। তার সাথে ছিলেন বাংলাদেশে মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ২৪-এর গণবিপ্লব-সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন-অগ্রগতি এবং পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামানের জামায়াতে যোগদান : বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা: শফিকুর রহমানের উপস্থিতিতে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন তিনি।
এ সময় মেজর (অব:) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন পার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
এ সময় জামায়াত আমির ডা: শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন। যোগদান অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
মেজর (অব:) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কিশোরগঞ্জ-২ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে আজও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এ দিকে জামায়াতে যোগ দেয়ার পর এক প্রতিক্রিয়ায় মেজর (অব:) আখতারুজ্জামান বলেন, আমি জামায়াতে যোগ দিয়েছি কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবো না।