আইফোনের লোভে বন্ধুকে খুন

Printed Edition

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিয়ানীবাজারে আইফোনের লোভে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিখোঁজের তিন দিন পর গতকাল বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় খুন হওয়া বন্ধু ইমন আহমদের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

ঘটনার পর নিহতের বন্ধু একই গ্রামের আশরাফুলকে (২৩) আটক করেছে পুলিশ। আশরাফুল আব্দুল করিম মনাইর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ইমন আহমদ একটি দামী আইফোন ব্যবহার করে ভিডিও তৈরি করতেন। ওই ফোনের প্রতি দুর্বলতা ছিল বন্ধু আশরাফুলের। ফোন ছিনতাই বা হস্তগত করার জন্যই এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।

কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা বলেন, ইমন ছিল খুবই সরল ও শান্ত স্বভাবের ছেলে। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার লাশ পাওয়া গেল। এই হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত থাকতে পারে।