মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক গভর্নর

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশে চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিকসংযোগ বাড়াতে হবে

Printed Edition

বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চট্টগ্রাম অঞ্চলের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশের জন্য সিঙ্গাপুর, দুবাই ও হংকংয়ের মতো চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ও বৈশ্বিকসংযোগ বাড়াতে হবে। চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এ অঞ্চল সমুদ্র, পাহাড় ও সমতলের এক অনন্য অঞ্চল। দেশের প্রধান সমুদ্রবন্দর, রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ভারী শিল্প, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের বেশির ভাগ এ অঞ্চলের ওপর নির্ভরশীল। তবে এ সম্ভাবনাকে পূর্ণ রূপ দিতে আর্থিক খাতের সুদৃঢ় ভূমিকা অপরিহার্য। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমাদের দায়িত্ব হলো উৎপাদনমুখী খাতে পর্যাপ্ত ও স্বল্পমূল্যের ঋণপ্রবাহ নিশ্চিত করা।

গতকাল নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিকপর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক গভর্নর এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বণিক সমিতি, চেম্বার প্রতিনিধি, বন্দর, কাস্টমস, শিক্ষক, অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্নপর্যায়ের কর্মকর্তা ও তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধানসহ ১৫০ জন প্রতিনিধি এ মতবিনিময় সভায় যোগ দেন।

চট্টগ্রাম অঞ্চলের জেলা, উপজেলা ও গ্রামপর্যায়ে এসএমই ও কৃষি ঋণের প্রবাহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি এ বিষয়ে ব্যাংকের আঞ্চলিক প্রধানদের আরো আন্তরিক হওয়ার জন্য পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমগুলোর অব্যবহৃত ফান্ড এ অঞ্চলের উপযুক্ত গ্রাহকের মধ্যে বিতরণ করতে হবে। আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে প্রত্যেক ব্যাংককে অন্তত একটি বিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস লেনদেনের উদ্যোগ নিতে হবে। আমদানি-রফতানি কাজ সহজতর করতে সার্বক্ষণিক লেনদেনের জন্য বাংলাদেশে সব স্থল ও বিমানবন্দরে শিগগিরই আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) চালু করা হবে। বাংলাদেশের প্রথম জেলা হিসেবে কক্সবাজারকে ক্যাশলেস হিসেবে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিকের হাতে ছয়-সাত হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন পৌঁছাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো: মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া ও বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো: খসরু পারভেজ। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। সভায় চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয়বিষয়ক কনসেপ্ট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন।