রসিংটনের রেকর্ডের ম্যাচে জয় চট্টগ্রামের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করেছিল ঢাকা ক্যাপিটালস। যদিও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছেড়েছিল। তবে চট্টগ্রামের বিপক্ষে গতকাল ব্যাটিং বান্ধব উইকেটে আগে ব্যাটিংয়ে নেমে মুদ্রার উল্টো পিঠ দেখল মোহাম্মদ মিঠুনের দল। আগে ব্যাটিংয়ে নেমে ১২২ রানেই অলআউট হয় ঢাকা। লক্ষ্য তাড়ায় অ্যাডাম রসিংটন আর মোহাম্মদ নাঈমের ব্যাটে চড়ে কোনো উইকেট না হারিয়েই ক্যাপিটালসকে উড়িয়ে দিলো চট্টগ্রাম। এটি বিপিএলের এবারের মৌসুমের প্রথম ১০ উইকেটের জয়। ৪০ বলে ৫৪ রানে নাঈম ও ৩৬ বলে ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রসিংটন। এ দিন এক ম্যাচে চার ব্যাটারকে স্ট্যাম্পিং করে বিপিএলের রেকর্ড বইয়েও নাম লেখালেন ইংলিশ কিপার রসিংটন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকার ব্যাটসম্যানরা যেন ক্রিজে আসার আর যাওয়ার মিছিলে নেমেছিলেন। ২ বল বাকি থাকতে ১২২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১২৩ রানের লক্ষ্য তাড়া করে জিততে চট্টগ্রামের লেগেছে মাত্র ১২.৪ ওভার!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে শুরুতেই ঢাকার ব্যাটারদের দিশেহারা করে দেন পেসার শরীফুল ইসলাম। ৪ বলে ১ রান করে প্রথম এলবিডব্লিউ শিকার হন সাইফ হাসান। ১২ বলে ২ রান করে শরীফুলের বলে এরপর ফিরছেন জুবাইদ আকবরী। ২১ রান করার পর উসমান খানকে ফেরান তানভির ইসলাম। বাঁহাতি এই স্পিনারের শিকারে পরিণত হন অধিনায়ক মিঠুনও। এর মাঝে শামীম হোসাইনকে প্যাভিলিনের পথ দেখান শেখ মাহেদী। ১০ ওভারের শেখ বলে মাহেদীর বলে সাব্বির রহমান যখন ফেরেন তখন দলীয় স্কোর ৫৫। ৬৬ রানে ৭ উইকেট হারায় ঢাকা। সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের ৩৬ বলে ৪৮ রানের জুটিতেই মূলত ঢাকা কোনো মতে ১০০ পার করতে পারে। নাসির ২০ বলে ১৭ রান করে শরীফুলের শিকার হলেও সাইফউদ্দিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৩৩ রান করে। তিনটি করে উইকেট নেন শরিফুল ও তানভির। দু’টি উইকেট শেখ মাহেদীর। আর একটি উইকেট নেন আমের জামাল।
১২৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তাড়া করতে নেমে নাঈম ও রসিংটনের ব্যাটে ভর করে কোনো কষ্ট ছাড়ায় লক্ষ্যে পৌঁছে চট্টগ্রাম। যদিও রসিংটনকে ফেরানোর একটা সুযোগ পেয়েছিল ঢাকা। ১৭ বলে ২৪ রানে থাকা অবস্থায় সাইফউদ্দিনের বলে ক্যাচ ছাড়েন ইমাদ ওয়াসিম। এরপর পুরো ইনিংসজুড়ে ঢাকার বোলারদের তুলোধুনো করে ছাড়েন নাঈম ও রসিংটন। ১২.৪ ওভারে ১২৩ করে ফেলে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচের দিন সকালে সিলেটে পৌঁছে দুপুরে ম্যাচ খেলতে নেমে উইকেটের সামনে ও পেছনে বিবর্ণ ছিলেন রসিংটন। এবার তা পুষিয়ে ম্যাচসেরা হলেন এই ইংলিশ কিপার।
৪০০ উইকেটের মাইলফলকে মোস্তাফিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রান সংগ্রহ করেছে সিলেট টাইটান্স। রংপুরের বোলারদের তোপে আট উইকেট হারাতে হয়েছে স্বাগতিকদের। ব্যাট হাতে ৩১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন আফিফ হোসেন। আর বল হাতে এদিন নিজের করা প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে সাজঘরে পাঠিয়ে একটি মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান। টি-২০তে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই কাটার মাস্টার।
প্রথম বাংলাদেশী বোলার হিসেবে সব ধরনের টি-২০ মিলে সবার আগে ৪০০ উইকেটে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। এবার এই কীর্তি গড়লেন মোস্তাফিজ। এই মাইলফলকে পৌঁছাতে বাঁহাতি এই পেসারকে খেলতে হয়েছে ৩১৫টি ম্যাচ। আর ৪৬৮ ম্যাচে ৫০৭ উইকেট সাকিবের। টি-২০ তে উইকেট শিকারের দিক থেকে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। তিনে আছেন ৬০৮টি উইকেট নিয়ে ব্রাভোর স্বদেশী সুনীল নারিন।