দাপট দেখিয়েই সেমিতে অ্যাস্টন ভিলা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। রোমাঞ্চকর লড়াই শেষে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের দুই ক্লাব অ্যাস্টন ভিলা ও নটিংহ্যাম ফরেস্ট, পর্তুগালের ক্লাব ব্রাগা আর জার্মানির এসসি ফ্রেইবুর্গ।
দাপুটে পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ইতালির ক্লাব বোলোনিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ৩-১ গোলের জয়ের ফলে দুই লেগ মিলে ৭-১ ব্যবধানে জিতে তারা সেমিফাইনাল নিশ্চিত করে। এই মৌসুমে ইউরোপা লিগে চমক দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পোর্টিং ব্রাগা। নিজেদের মাঠে রিয়াল বেটিসের মতো শক্তিশালী দলের বিপক্ষে ১-১ গোলের ড্র’র পর ফিরতি লেগে দুর্দান্ত খেলে নাটকীয় ম্যাচে স্প্যানিশ ক্লাবটিকে তাদেরই মাঠে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা। দুই লেগ মিলে ৫-৩ ব্যবধানে এগিয়ে শেষ চারে পৌঁছেছে পর্তুগালের ক্লাবটি।
শেষ আটের ম্যাচে পর্তুগালের শক্তিশালী দল এফসি পোর্তোকে ২-১ এগ্রিগেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ইংলিশ ক্লাবটি। সেল্টা ভিগোকে কোয়ার্টার ফাইনালে কোনো সুযোগই দেয়নি জার্মান ক্লাব এসসি ফ্রেইবুর্গ। ইউরোপা পার্ক স্টেডিয়ামে সেল্টাকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলে ৬-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে শেষ চারে পা রাখে জার্মান ক্লাবটি।