জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র মেরামত

অস্থায়ী যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন

Printed Edition

এএফপি ও জেরুজালেম পোস্ট

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শেষ ব্যাকআপ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য স্থানীয় পর্যায়ে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

আইএইএ এক বিবৃতিতে জানায়, গত ২ জানুয়ারির সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের মেরামত কাজ আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি সংস্থাটির কার্যকর ভূমিকারই প্রমাণ বহন করছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে চার দফা আলোচনা হয়েছে। ভিয়েনাভিত্তিক আইএইএ আরো জানায়, ঘটনাস্থলে থাকা তাদের পর্যবেক্ষক দল সেখানে বিপুল সংখ্যক বিস্ফোরণের শব্দ শুনেছে। এর মধ্যে কয়েকটি বিস্ফোরণ বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকাতেও শোনা গেছে। সংস্থাটি জানায়, গত সপ্তাহে তাদের দল প্রতিদিন একাধিকবার বিমান হামলার সতর্কতা জারি করেছে।

এ ছাড়া কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি সামরিক উড়ন্ত বস্তু দেখা গেছে বলেও তাদের জানানো হয়েছে। জাপোরিঝিয়া ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এটি ডিনিপার নদীর তীরে অবস্থিত এবং ২০২২ সালের মার্চ মাস থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। দখলের পর কেন্দ্রটির ছয়টি চুল্লিই বন্ধ করে দেয়া হয়েছে। মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে বারবার অভিযোগ করে আসছে, তারা এই পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে।