বছরের শেষপ্রান্তে অর্ধডজন শো’তে লিজা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
গেল বিজয় দিবসে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার উদ্যোগে ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় লিজাসহ আরটিভি ইয়াং স্টারের আরো ছয়জন শিল্পীর কণ্ঠে দেশের গান ‘আমরা সবাই বাংলাদেশ’ শিরোনামের একটি গান। গানটি ১৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হবার পর শ্রোতা দর্শকের কাছে গানটি বেশ সাড়া ফেলে। কারণ গানটির কথা, সুর, গানটিতে শিল্পীদের গায়কী এবং সর্বোপরি গানটির মিউজিক ভিডিও সবাইকে মুগ্ধ করে। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ^াস শংকর। এদিকে বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে বেশ ব্যস্ত সময় পার করছেন লিজা।
গতকাল রাতে তিনি রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত একটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। তবে আজ তিনি কোনো শোতে গাইছেন না। কারণ আজ তার জন্মদিন। জন্মদিনে তিনি তার বাবা, মা, ভাই ও একমাত্র কন্যা ইয়াশা এ খন্দকারকে নিয়ে নিজের মতো করেই সময় কাটাতে চান। জন্মদিন নিজের মতো করেই পরিবারের সাথে উদযাপন শেষে আগামীকাল ২৩ ডিসেম্বর কক্সবাজার, ২৫ ডিসেম্বর টাঙ্গাইল, ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর, ২৭ ডিসেম্বর বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে (ঢাকায়) ও ৩১ ডিসেম্বর বগুড়ার মমইন-এ সঙ্গীত পরিবেশন করবেন লিজা। এছাড়াও নতুন বছরের শুরুতেও টানা বেশ কয়েক দিন স্টেজ শোতেই ব্যস্ত থাকবেন লিজা। লিজা বলেন, ‘শুরুতেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার ভক্ত দর্শকের প্রতি। কারণ তারা আমার উদ্যোগে প্রকাশিত দেশাত্মবোধক গান আমরা সবাই বাংলাদেশ ভীষণভাবে পছন্দ করেছেন। আমার বিশ^াস দেশের গান হিসেবে এই গান বেঁচে থাকবে। কারণ গানটির কথা ও সুর এক কথায় চমৎকার। আর বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শো’তে মোটামুটি ব্যস্ত আছি, এটাও ভালোলাগার বিষয়। কৃতজ্ঞতা সব অনুষ্ঠানের আয়োজকদের প্রতি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আগামীতে আরো ভালোভালো মৌলিক গান উপহার দিতে পারি।’