ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ১ দিনে গ্রেফতার ৭৮৩

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে ২৪ ঘণ্টায় ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মামলা ও ওয়ারেন্টভুক্ত গ্রেফতারের সংখ্যা ৮৭৫ জন। ফলে এক দিনে মোট এক হাজার ৬৫৮ জন গ্রেফতার করা হয়। গতকাল শনিবার পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদফতর জানায়, অভিযানকালে একটি রাইফেল, তিনটি রিভলবার, দুইটি পিস্তল, পাঁচটি এলজি, দুইটি বন্দুক ও পাঁচটি শুটারগানসহ ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়াও ৩০৬ রাউন্ড গুলি, ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, দুইটি ম্যাগাজিন, ১৬ দশমিক তিন কেজি আতশবাজি, পাঁচটি যন্ত্রাংশ, দুইটি সিলিং, তিনটি গ্রেনেড, একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১০টি বোমা তৈরির উপকরণ ও ৫৪ রাউন্ড খোসা উদ্ধার করা হয়।

এ দিকে শুক্রবার দিনব্যাপী উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্য দিকে মিরপুর-১১-এর ছয় তলাবিশিষ্ট পুরাতন সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভালবারের কাভার, একটি চাপাতি ও দুইটি ছোট ছুরি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।