আশুগঞ্জে গণভোট বিষয়ে অংশীজনদের অবহিতকরণ সভা
Printed Edition
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশুগঞ্জে ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৮টায় আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাম্মাত ফারহানা রহমান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় আশুগঞ্জ উপজেলার নির্বাচন প্রস্তুতি, গণভোটের গুরুত্ব এবং প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, আশুগঞ্জ থানার ওসি সফিকুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদসহ বিভিন্ন দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোছাম্মাত ফারহানা রহমান বলেন, গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। সময়কে কাজে লাগিয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে শারমিন আক্তার জাহান বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জনগণের মতামত গ্রহণ করতেই গণভোটের উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভয়ভীতি সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভায় সুষ্ঠু নির্বাচন ও গণভোট বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।