টাঙ্গাইল-৮ আসনের সালাউদ্দিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
Printed Edition
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা পরিচয়ে মো: সুজন মিয়া টাঙ্গাইল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম মাহবুব খানের আদালতে হাজির হয়ে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলার আবেদন করেন।
আদালত আবেদনটি আমলে নিয়ে মির্জাপুর থানার ওসি অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় মোট ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সালাউদ্দিন আলমগীর রাসেলকে আট নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে। উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহারিম হোসেন সীমান্ত, তার ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পশ্চিম) সভাপতি হাজী হুমায়ূন কবির এবং ছাত্রলীগ সদস্য খান আহমেদ জয়নাল।
মামলার বিবরণে বলা হয়, আট নম্বর আসামি সালাউদ্দিন আলমগীর রাসেল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ব্যবসায়িক অংশীদার এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন দমনে অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন।