খালেদা জিয়ার সুস্থতায় বিভিন্ন স্থানে দোয়া

Printed Edition
bangla-2
গফরগাঁওয়ে দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। স্থানীয় নেতাদের আয়োজনে দলের কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে আইসিউতে ভর্তি আছেন।

পোরশা (নওগাঁ) সাংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পোরশা-নিয়ামতপুর-সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী। দোয়া মাহফিল কর্মসূচি পরিচালনা করেন উপজেলা নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানাসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, গতকাল উপজেলা সদরের তাছের আহম্মদ মহিলা কলেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু। বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মিজানুর রহমান, আবু মোতালেব, তাহরিমা আহমেদ রিমুসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ৮টি ইউনিয়নে মাদরাসাসহ বিভিন্ন স্থানে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আল ফাতাহ খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার বাদ আসর ও মাগরিব নামাজের পর উপজেলার লংগাইর, উস্থি, মশাখালী, টাংগাব, দত্তেরবাজার, পাইথল, নিগুয়ারী ও পাঁচবাগ ইউনিয়নে আনসারনগর দারুল কুরআন মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এসব দোয়া অনুষ্ঠানে আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহনেওয়াজ কবির বাচ্চু, আবুল কালাম গেনু, সবুজ মিয়া, আলাউদ্দিন ধনু, মানিক মেম্বার, মুক্তি যোদ্ধা মো: আব্দুর রউফ, মোখলেছুর রহমান, আব্দুর রউফ, বিপুল মেম্বার, রতন মিয়া, মোজাহিদুল কবির সেলিম, রইস উদ্দিন, আরিফুল ইসলাম কাজল, দ্বীন ইসলাম দিলি, সাদির বেপারী, আপেল মাহমুদ, ডা: ইউসুফ খান, উজ্জ্বল আহমেদ, সুখেন আকন্দ, শাহ আলম বিপ্লব, ইয়াহিয়া খান, সাদ্দাম হোসেন, মো: শান্ত প্রমুখ অংশগ্রহণ করেন।

লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা জানান, রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের হাজাছড়া ৫নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ মাগরিব হাজাছড়া এলাকায় নিজস্ব অফিস কক্ষে আয়োজিত এ মাহফিলে ওয়ার্ড ও ইউনিয়নপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাইনীমুখ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হানিফের (খোকন) উদ্যোগে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আতিকুর রহমান এবং উপজেলা যুবদলের সদস্য আব্দুস সাত্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির এক অমূল্য সম্পদ। তার সুস্থতা গণতন্ত্রে বিশ্বাসী সবার প্রত্যাশা।