ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি নুরুল আমিনের

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি-ভুজপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শনিবার রাতে ফটিকছড়ি সদরের বিবিরহাট বাজারে গণসংযোগকালে তিনি এ দাবি জানান।

গণসংযোগে অধ্যক্ষ নুরুল আমিন বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়ার চেষ্টা চালাচ্ছে।

তিনি সম্প্রতি ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটের আগেই ফটিকছড়িসহ পুরো চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে কঠোর হতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব-এ বিষয়ে কোনো শৈথিল্য কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুল আলম আযাদ, মাস্টার নাজিম উদ্দিন শিকদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মুহাম্মদ বেলাল উদ্দিন, শ্রমিক নেতা শাহনেওয়াজ আলী চৌধুরী, জামায়াত নেতা সিরাজুল হক, জিয়াউল হক রুবেল, কাজী লোকমান, মহিম উদ্দিন মুন্সি, প্রবাসী নেতা ইউসুফ, জাহেদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।