উপস্থাপনায় দশক পেরিয়ে তাবাসসুম প্রিয়াঙ্কা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
তাবাসসুম প্রিয়াঙ্কা এই প্রজন্মের একজন নন্দিত দর্শকপ্রিয় উপস্থাপিকা। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিনি উপস্থাপনা করে আসছেন ২০১৫ সাল থেকে। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্টেজ শোরও উপস্থাপনা করে আসছেন নিয়মিত। টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান উপস্থাপনায় বেশ প্রশংসা কুঁড়িয়েছেন গুণী এই উপস্থাপিকা। একজন সফল ও দর্শকপ্রিয় উপস্থাপিকা হিসেবে তাবাসসুম প্রিয়াঙ্কা পেশাগত জীবনের এক দশক পার করেছেন। যদিও বা এর জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, সেই সাথে পার করতে হয়েছে নানান প্রতিবন্ধকতা। বাংলাদেশ টেলিভিশনে এরই মধ্যে তার উপস্থাপনায় নতুন টকশো ‘অপরাজিতা’র প্রচার শুরু হয়েছে। ‘অপরাজিতা’য় মূলত তাদেরকেই নিমন্ত্রণ জানানো হয় যারা ছোট্টবেলা থেকেই অনেক সংগ্রাম করে, জীবনের নানান প্রতিবন্ধকতা পেরিয়ে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এরই মধ্যে তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় বিটিভিতে অপরাজিতার চারটি পর্ব প্রচারও হয়েছে। অপরাজিতার জন্য বেশ ভালো সাড়াও পাচ্ছেন বলে জানালেন তিনি। বিটিভিতে এর আগে ‘সময়ের সেরা গান’ ও নতুন কুঁড়ি-২০২৫’এর দু’টি গ্র্যান্ড ফিনালের (সাধরণ নৃত্য ও গান) উপস্থাপনা করেছেন। প্রিয়াঙ্কা নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করেন বৈশাখী টিভি, এশিয়ান টিভি ও এসএ টিভির। ২০১৫ সালে দেশ টিভির ‘লাইফ স্টাইল’ অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে একজন উপস্থাপিকা হিসেবে পেশাগত যাত্রা শুরু হয়। ২২ ফেব্রুয়ারি জন্ম নেয়া ফেনীর মেয়ে তাবাসসুম প্রিয়াঙ্কা ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে অনার্স সম্পন্ন করেছেন। তার বাবা কাজী আব্দুল্লাহ আল মতি ও শাহনাজ পারভীন। তার এক ভাই ফাহিম ও এক বোন ফারহা। উপস্থাপনা প্রসঙ্গ তাবাসসুম প্রিয়াঙ্কা বলেন, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে উপস্থাপনা নিয় আমি সন্তুষ্ট। যদিও মাঝে মধ্যে মন খারাপ হয় ভেতরগত কিছু রাজনীতি নিয়ে।