ধলেশ^রীতে ফেরি থেকে পাঁচ যানবাহন পড়ে ৩ জনের মৃত্যু
৯ সদস্যের তদন্ত কমিটি গঠন ফেরি চলাচল বন্ধ
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে একটি ট্রাকসহ পাঁচ যানবাহন নদীতে পড়ে গিয়ে তিনজনের মৃতু হয়েছে। গত শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গতকাল রোববার সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মৃতরা হলেন- সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো: রফিক (৩৫) ও ভ্যান চালক স্বাধীন (২৫)।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকা থেকে বক্তাবলীর উদ্দেশে ফেরিটি ছেড়ে মাঝ নদীতে আসে। এ সময় হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। সেই সাথে সামনের দিকে যেতে থাকে। এ সময় সামনে থাকা মোটরসাইকেল, দু’টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান পানিতে পড়ে তলিয়ে যায়। সাথে থাকা লোকজনও নদীতে তলিয়ে যায়।
আবুল কালাম নামে স্থানীয় একজন বাসিন্দা বলেন, শনিবার রাতের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করা হয়নি। এই ঘটনায় সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। যার কারণে বক্তাবলী এলাকার ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, আমরা পানির গভীরতা নির্ধারণ করছি। পানির গভীরতা নির্ধারণের পর যানবাহনগুলো উদ্ধার অভিযান শুরু করব।
বাংলাদেশ ফেরি ব্যবস্থাপনা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলাল হোসেন বলেন, দুর্ঘটনার পর থেকে এখনো এই রুটে ফেরি চলাচল শুরু করতে পারিনি। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মোটরসাইকেল চালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ রানার লাশ উদ্ধার করা হয়েছে।
মাসুদ রানার মা পারভিন আক্তার বলেন, ২৫ দিন আগে মাসুদ রানা সিঙ্গাপুর থেকে দেশে এসেছে। সে নারায়ণগঞ্জে ড্রাইভিং শিখতে শুরু করেছিল। শনিবার রাত ৯টায় ড্রাইভিং শিখে বাড়ি ফিরছিল। ঘাটে এসে তার স্ত্রীকে ফোন করে বলে আমি ফেরিতে উঠছি, বাসায় চলে আসছি। কিছুক্ষণ পর জানতে পারি ফেরিতে দুর্ঘটনা ঘটেছে। এরপর মাসুদ রানার মোবাইল বন্ধ পাওয়ায় নদীর তীরে এসে অপেক্ষা করে রাত ২টায় তার লাশ নিয়ে বাড়ি ফিরেছি।
রফিকের স্ত্রী পিংকি বলেন, স্বামীর বাড়ি ফতুল্লার ভোলাইল থেকে আমার বাবার বাড়ি বক্তাবলী মোটরসাইকেলে স্বামী দুই শিশু সন্তান নিয়ে যাচ্ছিলাম। ধলেশ্বরী নদী পাড় হওয়ার সময় বক্তাবলী ফেরিতে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ দুই শিশু সন্তানকে নিয়ে আমি ফেরিতে পড়ে যাই। তখন ট্রাকটি স্বামীকে নিয়ে পানিতে পড়ে যায়। ওই সময় ফেরিতে থাকা লোকজন রফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, যে ট্রাকচালক এই ঘটনা ঘটিয়েছেন তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, তদন্ত চলমান রয়েছে। যেসব যানবাহন নদীতে তলিয়ে গেছে সেগুলো কিভাবে উদ্ধার করা যায় তা নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।