ঈদের ইত্যাদিতে হাবিবের গান

Printed Edition
bino-4
ঈদের ইত্যাদিতে হাবিবের গান

বিনোদন প্রতিবেদক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির উৎসব। আর সেই আনন্দকে বহু বছর ধরে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে দেশের অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। বিশেষ করে ঈদের ইত্যাদি মানেই বাড়তি আয়োজন আর বৈচিত্র্যময় পরিবেশনা। নাট্যাংশ, কৌতুক ও প্রতিবেদন ছাড়াও ঈদ ইত্যাদির একটি বড় আকর্ষণ থাকে গান। ঈদ ইত্যাদির গানগুলো যেন একঘেয়ে না হয়, সেজন্য বরেণ্য নির্মাতা হানিফ সংকেত বরাবরই পরিকল্পনায় রাখেন অভিনবত্ব। শিরোনাম থেকে শুরু করে গান, সুর, সঙ্গীতায়োজন ও মঞ্চ নির্মাণ সবকিছুতেই থাকে আলাদা। এই ধারাবাহিকতায় এবারের ঈদে ইত্যাদির মঞ্চে হাজির হয়েছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবারের আয়োজনে তিনি গেয়েছেন ব্যতিক্রমধর্মী একটি গান। যার শিরোনাম ‘বুঝি নাই তো আগে’। গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। আধুনিক সঙ্গীতধারার সাথে প্রজন্মের অনুভূতির মেলবন্ধন ঘটিয়ে তৈরি হয়েছে গানটি। কথায় রয়েছে সম্পর্ক, উপলব্ধি ও আত্মসমালোচনার ছোঁয়া; আর সুরে রয়েছে হাবিবের স্বকীয়তা- যা শ্রোতাদের সহজেই আকৃষ্ট করবে। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, গানটি বিশেষভাবে তরুণ প্রজন্মের কাছে আবেদন তৈরি করবে। ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে হাবিব ও তার দলের প্রাণবন্ত পরিবেশনা, সাথে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সব মিলিয়ে গানটি হয়ে ওঠে উপভোগ্য এক আয়োজন। উপস্থিত দর্শকদের অনেকেই একবার শুনেই গানের সুরে ও কথায় ঠোঁট মেলান, যা গানটির সম্ভাব্য জনপ্রিয়তার ইঙ্গিত দেয়। প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।