আলীনগর স্কুলের মার্কেট দখল জেলা প্রশাসকের দ্বারস্থ কর্তৃপক্ষ
Printed Edition
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন মার্কেট জবরদখলের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক রেনু আক্তার।
গত বুধবার জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, গত ৮ জুন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখেন, মার্কেটের ভাড়াটিয়াদের জোরপূর্বক উচ্ছেদ করে দোকানের সামনে ইটের দেয়াল নির্মাণের মাধ্যমে ব্যবসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা দাবি করেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামের নির্দেশে এ কাজ করা হচ্ছে।
আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় জনগণের অর্থায়নে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ব্যক্তিমালিকানাধীন ক্রয়কৃত জমির ওপর নির্মিত। বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পরিশোধের অন্যতম প্রধান উৎস হচ্ছে মার্কেটের দোকান ভাড়া। ফলে মার্কেটটি বন্ধ হয়ে গেলে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
রেনু আক্তার আরো অভিযোগ করেন, এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও তা অমান্য করে মার্কেট দখল ও বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিক্ষকদের বেতন পরিশোধে সঙ্কট তৈরি হয়ে শিক্ষক সঙ্কটও দেখা দিতে পারে।
বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের সম্পত্তি ও আয়ের উৎস রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ শাখার কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।