ত্রয়োদশ সংসদ নির্বাচন

একজন তিনটির বেশি আসনে প্রার্থী নয়

Printed Edition

বিশেষ সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন তিনটির বেশি সংসদীয় এলাকা বা আসনে প্রার্থী হতে পারবেন না। যদি তিনটির বেশি আসনে কোনো ব্যক্তি মনোনয়নপত্র কেনেন, তবে সবগুলো বাতিল হবে। পাশাপাশি সংসদ সদস্য পদে প্রার্থী হতে গেলে মেয়র-চেয়ারম্যানসহ অন্যান্য লাভজনক পদ ছাড়তে হবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের পদে থেকে নির্বাচন করা যাবে না। এসব পদ থেকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস প্রতিষ্ঠানের বা করপোরেশন অথবা সংবিধিবদ্ধ সংস্থা, কর্তৃপক্ষ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোয় চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে।

একাধিক আসনে প্রার্থিতা

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ (ক) অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না। যদি কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হন, তা হলে সব নির্বাচনী এলাকার জন্য তার সব মনোনয়নপত্র বাতিল হবে।

নির্বাচনী ব্যয় নির্বাহী ব্যাংক হিসাব

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪ (খ) অনুসারে, প্রত্যেক নির্বাচনী এজেন্টকে অথবা এজেন্ট নিয়োগ করা না হলে প্রার্থী কর্তৃক নিজে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য (ব্যক্তিগত ব্যয় ব্যতীত) তফসিলি ব্যাংকে পৃথক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। উক্তরূপ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচনসংক্রান্ত ব্যয়ের সব অর্থ পরিশোধ করতে হবে। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ এর বিধি ২৯ অনুসারে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী ফরম-২০-এ এবং প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও তার বার্ষিক ব্যয় বিবরণী ফরম-২১ এ মনোনয়নপত্রের সাথে দাখিল করার বিধান রয়েছে।