আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান
Printed Edition
শরিয়াহ্ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের (বিসিএমডি) প্রধান নিযুক্ত হয়েছেন গণমাধ্যম, জনসংযোগ ও করপোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো: মিজানুর রহমান (মাসুম মিজান)। তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন।
ব্যাংকিং খাতে যোগদানের আগে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়া দিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বর্তমানেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া ঢাকা ও বরিশালের পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।
দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা, করপোরেট কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মিডিয়া রিলেশনস এবং ডিজিটাল যোগাযোগ খাতে মাসুম মিজানের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুখ্যাতি রয়েছে। শিক্ষাজীবনে তিনি বরিশাল জিলা স্কুল ও সরকারি বরিশাল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি।