বাংলাদেশের স্বাস্থ্যে বাজেট কম তবু সফলতা অনেক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে স্বাস্থ্যে বাজেট একেবারেই কম। এত কম বাজেট বরাদ্দ থাকার পরও স্বাস্থ্যে বাংলাদেশে অনেক সফলতা আছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জিডিপির ২ থেকে ৩ শতাংশ বরাদ্দ করা হয় স্বাস্থ্য খাতে। কিন্তু বাংলাদেশে বাজেটের মাত্র ১ শতাংশ বরাদ্দ থাকে। সেই টাকাও খরচ করতে পারে না, বছর শেষে ফেরত যায়।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত সেমিনারে বিশিষ্ট চিকিৎসকরা বাংলাদেশের স্বাস্থ্য খাতের নানা দিক তুলে ধরেন। এনডিএফের সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন এনডিএফের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা: সাজেদ আব্দুল খালেক, ডা: এ কে এম ওয়ালীউল্লা, জেনারেল সেক্রেটোরি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন, বিএমইউর সদ্য সাবেক ভিসি অধ্যাপক ডা: মো: শাহীনুল আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা: খুরশিদ আলম মিয়া, অধ্যাপক ডা: মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা: মো: শহীদুল আলম আকন, ডা: মো: নাহিদুজ্জামান সাজ্জাদ, অধ্যাপক ডা: হুর জাহান উর্মি। সঞ্চালনা করেন অধ্যাপক ডা: রুহুল কুদ্দুস বিপ্লব ও সহযোগী অধ্যাপক ডা: জাহাঙ্গীরুল ইসলাম।

অধ্যাপক ডা: শাহিনুল আলম বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় বাজেট কম কিন্তু তারপরও প্রচুর সফলতা আছে। বিখ্যাত জার্নাল লেনসেট বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা উন্নতিকে রহস্যজনক বলছে এসব কারণে। রহস্য সম্বন্ধে তিনি বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ না হলেও বাংলাদেশে হাসপাতাল ম্যানেজমেন্ট করে। এগুলো বিজ্ঞান ভিত্তিক না, স্বাস্থ্য ক্ষেত্রে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য এ দেশে এবং সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হন সাধারণ মানুষ ও রোগীরা।

স্বাস্থ্যের বাজেট ফেরত যায়

অধ্যাপক শহীদুল ইসলাম আকন বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় গুড গভর্নেন্সের অভাব বলে অনেকেই রিস্কি কাজে হাত দেন না। ফলে তারা বাজেট খরচ করতে পারেন না, ফেরত যায়। সে কারণে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন দেখা যায় না। অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, আমরা ডাক্তারদের অটোমেশন নিয়ে আন্দোলন করছি, করে যাবো।