পদত্যাগ দুই ছাত্র উপদেষ্টার
তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর
Printed Edition
বিশেষ সংবাদদাতা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম এবং এলজিইডি ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত সন্ধ্যায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে।
এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে রাতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা আরো বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।
নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরো বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।
প্রেস সচিব শফিকুল আলম পরে রাতে যুমনার সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তাকে প্রশ্ন করা হয়, দুই উপদেষ্টা পদত্যাগপত্রে কী কারণ দেখিয়েছেন। জবাবে শফিকুল আলম বলেন, তাদের পদত্যাগপত্রটি আমি দেখিনি।
সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, নির্বাচনের ব্যাপারে অনেকে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে- এ বিষয়ে আপনার মন্তব্য কী? এ জবাবে প্রেস সচিব বলেন, আমরা আগেও বলেছি, নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এখন গ্রাম-গঞ্জে নির্বাচনের জোয়ার বইছে। কিন্তু এক শ্রেণির লোক ইউটিউবে, টকশোতে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, অপপ্রচার করছেন। তাদের মধ্যে আমাদের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকও রয়েছেন। এতে তারা এক্সটা কিছু ভিউ পাচ্ছেন, কিন্তু আমরা প্রথম থেকেই বলছি, নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধেই হবে, এ বিষয় প্রধান উপদেষ্টা সবাইকে প্রস্তুত নেয়ার কথাও বলেছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ‘না’ ভোট দেয়ার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে।