বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ

Printed Edition

বরিশাল ব্যুরো

বরিশাল নগরীতে বিবাহের প্রলোভনে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী এক তরুণীকে একাধিকবার ধর্ষণ, গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন ওই ভুক্তভোগী তরুণী।

এজাহার সূত্রে জানা যায়, বাদি (২২) বরিশাল নগরীর চৌধুরী সড়ক চৌমাথা এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আন্দোলন-পরবর্তী সময়ে অভিযুক্ত সুয়ান আল তালুকদারের (২৪) সাথে তার পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ও স্থানে বাদির ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ গত ১১ অক্টোবর রাতে কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ১৭ নম্বর ওয়ার্ডের সদর রোডের আবাসিক হোটেলে ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্ত ওই ঘটনার ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রাখে বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বাদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করা হয়। একাধিকবার বিবাহের কথা বললেও অভিযুক্ত সময় ক্ষেপণ করতে থাকে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এজাহারে আরো বলা হয়, সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নবগ্রাম রোড এলাকায় অভিযুক্ত বাদিকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর বিবাহ করবে না। এ সময় বাদি প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। বাদি মাথা সরিয়ে নিলে আঘাতটি ঠোঁটে লাগে এবং এতে তার ঠোঁট ফেটে গুরুতর জখম হয়।

এ ঘটনায় বাদির মাসহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’