মালদ্বীপে দুই বাংলাদেশীর মৃত্যু
Printed Edition
মালদ্বীপ থেকে প্রতিনিধি
মালদ্বীপে ১২ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তারা হলেন- আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)। দু’জনেরই বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।
শনিবার পৃথকভাবে তারা অসুস্থ হয়ে পড়লে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো: জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই দুই বাংলাদেশী মালেতেই থাকতেন। তাদের মধ্যে আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। সহকর্মীদের প্রচেষ্টায় লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।
অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সম্পূর্ণ খরচে দূতাবাসের সহযোগিতায় তার লাশ রোববার (৭ ডিসেম্বর) দেশে পাঠানো হয়েছে। এদিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশীর মৃত্যুর খবরে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।