রাশিয়ায় গোলাবারুদের গুদামে বিস্ফোরণ, জরুরি অবস্থা ঘোষণা
Printed Edition
রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে একটি গোলাবারুদের গুদামে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির কিরঝাচ জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামরিক বাহিনী জানিয়েছে, নিজেদের ভুলের কারণে গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণটি ঘটেছে।
বিস্ফোরণে কিরঝাচ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে কাছাকাছি দু’টি গ্রাম থেকে মানুষ সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কোনো সামরিক স্থাপনার কথা উল্লেখ না করে বা ক্ষয়ক্ষতির পরিমাণ না জানিয়ে ভ্লাদিমির অঞ্চলের গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ টেলিগ্রামে লিখেছেন, সামরিক ঘাঁটির গুদাম এলাকায় আগুন ধরে গোলাবারুদ বিস্ফোরিত হয়েছে। দায়িত্বশীল পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে বিস্ফোরক পদার্থ পরিচালনার সময় নিরাপত্তাহীনতার কারণেই এই ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে, ঘটনাটি তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তদন্তের পর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মস্কো থেকে ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত কিরঝাচ জেলা। সেখানে রাশিয়ান সামরিক বাহিনীর প্রধান ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি অধিদফতরের ৫১তম গোলাবারুদের গুদাম। সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে ঘন ধোঁয়া এবং বিকট বিস্ফোরণ দেখা গেছে, কিছু ব্যবহারকারী দাবি করেছেন, অস্ত্রাগারে একটি হামলা হয়েছে।