সিকৃবিতে নতুন ছাত্র পরামর্শক ও প্রক্টর নিয়োগ
Printed Edition
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের নতুন পরিচালক হয়েছেন কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, আর প্রক্টরের দায়িত্ব নিয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
বৃহস্পতিবার রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আসাদ-উদ-দৌলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন ছাত্র পরামর্শক ড. জসিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।
ছাত্র পরামর্শকের কাজ যেহেতু ছাত্র-ছাত্রীদের নিয়ে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের নিয়মিত শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেন সবাই সমান সুযোগ পায়। ছাত্র নির্দেশনা দফতর সর্বদা শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে, তাদের সবধরনের প্রয়োজনে আমাদের পাশে পাবে। এর আগে ড. জসিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
অন্য দিকে অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদার প্রক্টর হিসেবে যোগদানের আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) সহযোগী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।