বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল
Printed Edition
রাজশাহী ব্যুরো
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মতো রাজশাহীতেও শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মুনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু।
মুনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মিজানুর রহমান মিনু বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের নির্যাতনে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এখন সঙ্কটাপন্ন অবস্থায়। সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আবারো জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ তিনি আরো বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ এবং দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকার কারণেই তার জন্য বাংলাদেশসহ সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া : এ দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রুয়েটের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে রুয়েটের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ দফতরের পরিচালক, এ্যালামনাই, রাজশাহী এলজিইডির প্রকৌশলী রোমেল হাইদার, সেরিকালচারের প্রকৌশলী লুৎফর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।